সিরিয়া ইস্যুতে ত্রিপক্ষীয় বৈঠক করবে রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরীয় সংঘাত অবসানের লক্ষ্যে ইরান ও তুরস্কের প্রেসিডেন্টের সাথে ত্রিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।

ইসলামিক স্টেট (আইএস) জিহাদিদের নিয়ন্ত্রণে সিরিয়ার পূর্বাঞ্চলের একটি মাত্র এলাকা রয়েছে। এদিকে ওয়াশিংটন দেশটি থেকে সৈন্য প্রত্যাহারের প্রস্তুতি নিয়েছে। চলতি সপ্তাহে কূটনৈতিক তোড়জোড়ের লক্ষ্য সিরিয়ায় আট বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত বন্ধ করা। সিরিয়ায় চলমান এই যুদ্ধে এখন পর্যন্ত ৩ লাখ ৫০ হাজারেরও বেশি লোক প্রাণ হারিয়েছে। মিউনিখ সিকিউরিটি কনফারেন্সর ফাঁকে আন্তর্জাতিক আইএস বিরোধী জোটটি বৈঠকে বসবে। এর আগে কৃষ্ণ সাগর উপকূলীয় নগরী সোচিতে এক বৈঠকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সমর্থক পুতিন ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এবং সিরিয়ার বিদ্রোহীদের সমর্থক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান আন্তঃসিরীয় আলোচনার জন্য পরবর্তী বৈঠকে বসার ব্যাপারে সম্মত হন।