ইজতেমা ময়দানে সিলিন্ডার বিস্ফোরণে আতঙ্ক, হুড়োহুড়িতে আহত ৪০

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম দিন শুক্রবার সকালে ইজতেমা ময়দানের পশ্চিম পাশে মিম্বরের কাছে রান্না করার গ্যাস সিলিন্ডার থেকে প্রবলবেগে গ্যাস বের হওয়ার শব্দে মুসল্লিদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এ সময় হুড়োহুড়ি ও দৌড়াদৌড়িতে অন্তত ৪০ জন মুসল্লি আহত হয়েছে। এদের মধ্যে জামালপুরের আমির উদ্দিন (৭০), বগুড়ার ছামিদ আলীকে (৬৫) টঙ্গীতে শহীদ আহসান উল্যাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা সকলেই আতঙ্কগ্রস্ত হয়ে মুসল্লিদের রান্না করা খাবারে, গরম পানিতে, গরম ডালে, গ্যাসের চুলা ও লাকড়ির আগুনে পুড়ে আহত হয়েছে বলে টঙ্গী আহসান উল্যাহ মাস্টার জেনারেল হাসপাতালের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে।

আহতদের ইজতেমা ময়দানে র্যাবের চিকিত্সা কেন্দ্রে ও টঙ্গীর ওই হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন রাজশাহীর হাসান মাহমুদ, খুলনার খালিদ হাসান, টাঙ্গাইলের জাবেদ শিকদার, রাজশাহীর জোবায়ের, জামালপুরের নজরুল ইসলাম, ঢাকার সাভারের মনিরুজ্জামান, রাজশাহীর হারুন অর রশিদ, লক্ষ্মীপুরের জাহিদ, সিরাজগঞ্জের জাহিদুল ইসলাম, মাহদুল হাসান, ঢাকার যাত্রাবাড়ির মুজাহিদুল ইসলাম, ওমায়ের, বরিশালের আরিফুল ইসলাম, ময়মনসিংহের আজাহারুল ইসলাম।