বোমা ভেবে রাতভর পাহারা, সকালে মিলল বেগুন

বোমাসদৃশ বস্তু রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আতঙ্ক সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে ক্যাম্পাসের আইন অনুষদের সামনে বোমাসদৃশ বস্তু পড়ে থাকার খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। পরে গতকাল শুক্রবার সকাল ১১ টার দিকে পাঁচ সদস্য বিশিষ্ট সিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট এসে বিষয়টি খতিয়ে দেখার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

ডিসপোজাল ইউনিটের বরাত দিয়ে হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি করার জন্য একটি বেগুনের উপরে কালো টেপ দিয়ে মুড়িয়ে চারটি তার দিয়ে রাখে। প্রথমে আমরা বোমা ধারণা করলেও পরে এটি ভুয়া প্রমাণিত হয়। বোমা নিষ্ক্রিয় করার সময় একটি বিকট শব্দ হওয়ার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে বোমাসদৃশ বস্তুটি সবাইকে দেখানো হয় এবং বলা হয়, বোমা নিষ্ক্রিয় করার জন্য একধরনের যন্ত্রের মাধ্যমে চাপ দেওয়া হয় তখন শব্দ হয়।