কেরানীগঞ্জ মডেল থানাধীন ঘাটারচর এলাকায় অপহরনের ১ দিন পরে মোঃ ইসমাইল হোসেন নামে সাড়ে তিন বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। অপহূত শিশুর পিতার নাম আব্দুল মান্নান। তারা কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের ঘাটারচর বালুর মাঠ আমবার চর এলাকায় ভাড়া থাকে। গত ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় ইসমাইল বাসার কাছ থেকে নিখোঁজ হয়। পরদিন তাদের এক প্রতিবেশী মহিলা জানান, তিনি লাইজু আক্তারকে (আরেক প্রতিবেশি) ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় একটি বাচ্চা নিয়ে তার বাড়ির দিকে যেতে দেখেছেন। এ কথা শুনে ইসমাইলের বাবা এলাকাবাসী নিয়ে লাইজুর বাসায় যান। সেখানে তাকে ডাকাডাকি করলে লাইজু ঘরের দরজা বন্ধ করে দেন। পরে পুলিশ গিয়ে ভেতর প্রবেশ করে শিশু ইসমাইলকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে এলাকাবাসি উক্ত বাসায় হামলা চালিয়ে ভাংচুর, অগ্নিসংযোগ এবং লাইজুকে মারধর করে।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।