বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক বিবৃতিতে ভারতের জম্মু-কাশ্মিরে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) গাড়িবহরে বোমা হামলায় অন্তত ৪০ ভারতীয় আধা সামরিক সেনা নিহতের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, উপমহাদেশের এ অঞ্চলটি অনেক দিন ধরেই অগ্নিগর্ভ। রক্ত ঝরছে সাধারণ মানুষসহ নিরাপত্তা বাহিনীর। মানুষ ও মানবতা রক্ষার জন্য শান্তি ও স্থিতি অত্যন্ত অপরিহার্য। সন্ত্রাসী কার্যকলাপ শান্তি ও সভ্যতার পরিপন্থি, এতে আঞ্চলিক স্থিতিশীলতা সংকটাপন্ন হয়ে পড়ে এবং মানুষের স্বাভাবিক জীবন-যাপন চরম নিরাপত্তাহীন হয়ে ওঠে। বিএনপি যে কোনো বেপরোয়া বেআইনি সহিংস রক্তপাতের বিরুদ্ধে সর্বদা সোচ্চার।