বোনকে সাবেক স্বামীর উত্ত্যক্ত, বাধা দেওয়ায় ভাইকে কুপিয়ে হত্যা

বরিশালে বোনকে তার সাবেক স্বামী উত্ত্যক্ত করছিলেন। এতে বাধা দেওয়ায় বোনের ভাই সরকারি বিএম কলেজের শিক্ষার্থী রুবেল রাফসানকে (২২) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় রুবেলের বন্ধু নাইমুর রহমান মিতুলকেও কুপিয়ে জখম করা হয়। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে নগরীর বিনোদন কেন্দ্র বঙ্গবন্ধু উদ্যানে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পরপরই ঘাতক মেহেদী হাসান রনিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার সকালে থানায় হত্যা মামলা হয়েছে।

পুলিশ জানায়, আটক রনি ঝালকাঠি পৌরশহরের ২ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকার বাসিন্দা। নিহত রুবেল রাফসান জেলার উজিরপুর উপজেলার সাতলা এলাকার বাসিন্দা। তিনি বিএম কলেজের অনার্স প্রথম বর্ষের ইংরেজি বিভাগের ছাত্র। আহত মিতুলের বাড়ি জেলার বাকেরগঞ্জ উপজেলায়। তিনি সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ছাত্র।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, রনির সঙ্গে রুবেলের বোন সাওদা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর দাম্পত্য কলহের কারণে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর তারা দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও কয়েকদিন পরেই ফের তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। সস্প্রতি আবারও সাওদাকে বিয়ে করার জন্য উত্ত্যক্ত করে আসছিল রনি। ওসি আরও জানান, বৃস্পতিবার সন্ধ্যার পর সাওদা আক্তার নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বেড়াতে গেলে সেখানে তালাকপ্রাপ্ত স্বামী রনি হাজির হয়ে সাওদাকে উত্ত্যক্ত শুরু করে। খবর পেয়ে সাওদার ভাই রুবেল ও তার বন্ধুরা বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে রনির সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে রনি ধারালো অস্ত্র দিয়ে রুবেল ও তার বন্ধু মিতুলকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকেরা রুবেলকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ঘাতক মেহেদী হাসান রনিকে আটক করেছে পুলিশ।