বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এরমধ্যে সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় এক সাবেক ইউপি চেয়ারম্যানসহ তিনজন মারা যান। গতকাল শুক্রবার এসব ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চন্ডিদাস গাঁতীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান ও তোজাম হোসেন নামে দুই জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। এসআই মেহেদী হাসান জানান, বিকাল সাড়ে ৪টার দিকে জেনিন পরিবহনের যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেল চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। অপর একজন গুরুতর আহত হন। এদিকে গতকাল সকালে এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কের আমবাড়িয়ায় ট্রাক চাপায় আব্বাস আলী (২৫) নামে এক ভ্যানচালক মারা যান।
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ভবানীগঞ্জ এলাকায় মোটরসাইকেল-পিকআপের সংঘর্ষে রাবেয়া আক্তার নামে এক নারী নিহত হয়েছে। নিহত ওই নারী সদর উপজেলার চরমনসা এলাকায় হারুনুর রশিদের স্ত্রী। গতকাল এ দুর্ঘটনায় জহির উদ্দিন ও সুফিয়ান নামে দুইজন গুরুতর আহত হন। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
বাঁশখালী (চট্টগ্রাম): সাধনপুর গ্রামে গতকাল চট্টগ্রাম যাওয়ার পথে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত ও ৩ জন আহত হয়েছে। নিহতরা হলো— সুমাইয়া আক্তার (১৩) ও রহিমা বেগম (৪৮)। অপরদিকে জলদী পৌরসভা ৬ নং ওয়ার্ডে রাস্তায় হেঁটে যাওয়ার সময় গাছের ডাল পড়ে রাকিব (৪) নামে এক শিশু আহত হয়। হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সে সরল ৭নং ওয়ার্ডের আবুল কালামের ছেলে।
কুষ্টিয়া: গতকাল কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক গৃহবধূ নিহত ও তার শিশুসহ স্বামী আহত হয়েছেন । নিহত সুমি খাতুন (৩০) জেলার ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া গ্রামের বিপুল হোসেনের স্ত্রী।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): আখাউড়া স্থলবন্দর সুলতানপুর সড়কের কোড্ডা এলাকায় তিতাস সেতুতে পাথরবোঝাই ট্রাকের সামনের চাকা ভেঙে ছিটকে পড়লে সেতুর রেলিং ভেঙে যায়। দুর্ঘটনা কবলিত ট্রাক ও পাথরে বড় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। সেতুর দুই পাশে ঢাকা-আগরতলার বাসসহ অর্ধশতাধিক গাড়ি আটকা পড়ে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করলে বিকাল থেকে যানবাহন চলাচল শুরু হয়।