আরেকটি অর্জনের পথে সালাহ

বিবিসি আফ্রিকান বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নিয়েছেন লিভারপুল স্ট্রাইকার মোহামেদ সালাহ। গতকাল ইংলিশ সংবাদ মাধ্যম বিবিসি পাঁচজন আফ্রিকান ফুটবলারের একটি তালিকা ঘোষণা করে। এই তালিকায় জায়গা করে নেওয়া অন্য ফুটবলাররা হলেন সালাহর লিভারপুল সতীর্থ সাদিও মানে, জুভেন্তাস ডিফেন্ডার মেদহি বেনাটিয়া, ন্যাপোলি ডিফেন্ডার কালিদু কৌলিবালি এবং অ্যাটলেটিকো মাদ্রিদ মিডফিল্ডার থমাস পার্টেই। ক্লাব এবং জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফর্মেন্সের কারণে গেলবারের পুরস্কারটি উঠেছিল সালাহর হাতেই। এ বছরও প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন তিনি। পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ১০ গোল করে লিভারপুলকেও ১০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আগামী ১৪ ডিসেম্বর বর্ষসেরা আফ্রিকান ফুটবলারের নাম ঘোষণা করবে বিবিসি।