জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির দায়ের করা মামলা সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। এ সময় তিনি নির্বাচন সুষ্ঠু হয়েছে উল্লেখ করে বলেন, নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে নির্বাচিত করেছে। এটাই হচ্ছে সত্য। বিএনপিকে এ সত্যটা মেনে নিতে হবে।
তিনি শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। এ ছাড়াও সম্প্রতি বাংলাদেশের গণতন্ত্র নিয়ে হাউজ অব কমন্সের যে ৬ জন রিপ্রেজেন্টেটিভ চিঠি দিয়েছে, তারা বাংলাদেশ সম্বন্ধে আরো তথ্য উপাত্ত সংগ্রহ করে চিঠি লেখা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কায়সার জীবনসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।