স্পোর্টস রিপোর্টার
বিশ এবং সতেরো বছরের তীরন্দাজদের নিয়ে আজ গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাষ্টার স্টেডিয়ামে শুরু হবে তীর জাতীয় যুব আরচ্যারির দ্বিতীয় আসর। নতুন আরচ্যারদের খুঁজে বের করা এবং প্রশিক্ষণ নিয়ে আরও ধারালো করে গড়ে তোলার লক্ষ্যে যুবাদের নিয়ে এই আয়োজন বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের। ৩৯ বালক এবং ১৭ জন বালিকা নাম লিখিয়েছে এই টুর্নামেন্টে। সিটি গ্রুপের অর্থায়নে চলছে আরচ্যারদের লড়াই। অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে বিকেএসপি, তীরন্দাজ সংসদ, কোয়ান্টম স্পোর্টিয়াম, শাওতাল ট্রেডিশনাল আরচ্যারি ক্লাব, স্ট্যান্ডার্ড বাংলাদেশ আরচ্যারি ক্লাব। যুব আরচ্যারি উপলক্ষে গতকাল দুপুরে বিওএ’র হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য তুলে ধরেন আরচ্যারি ফেডারেশনের কর্মকর্তারা। তারা জানান, গাজীপুরে আরচ্যারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামটি ওয়ার্ল্ড আরচ্যারি প্রশিক্ষণের স্বীকৃতি পেয়েছে। সংবাদ সম্মেলনে পৃষ্ঠপোষক সিটি গ্রুপের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।