মৃত্যুর আগে রাষ্ট্রীয় স্বীকৃতি চান মুক্তিযোদ্ধা পরেশ সাহা

মৃত্যুর আগে রাষ্ট্রীয় স্বীকৃতি চান মুক্তিযোদ্ধা পরেশ সাহা। তিনি কিশোরগঞ্জ শহরে স্থায়ীভাবে বসবাস করছেন। বর্তমানে তিনি নানা অসুখ-বিসুখে শয্যাশায়ী প্রায়। মুক্তিযুদ্ধের সময় পরেশ চন্দ্র সাহা ছিলেন যুবক। সে সময় তিনি জামালপুরে পুলিশবাহিনীতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। যুদ্ধ শুরু হওয়ার পর কয়েকজন সহকর্মী ও স্থানীয় একদল যুবককে সঙ্গে নিয়ে তিনি সীমান্ত পাড়ি দিয়ে ভারতের মেঘালয়ে চলে যান এবং ইকোওয়ান ট্রেনিং ক্যাম্পে প্রশিক্ষণ গ্রহণ করেন।

এরপর তিনি সহযোদ্ধাদের নিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করে ৫নং সেক্টরে বেশ কয়েকটি সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেন। কর্মজীবনে তিনি ঢাকা, ময়মনসিংহ, জামালপুর, গাইবান্ধা, রংপুর, পাবনা ও পঞ্চগড় জেলায় চাকরি করেন। পঞ্চগড় থেকে তিনি টিএসআই হিসেবে অবসর গ্রহণ করেন। পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশিত ‘মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা’ শীর্ষক গ্রন্থে তার এই বীরত্বগাঁথার সচিত্র প্রতিবেদন ছাপা হয়েছে। তবুও মুক্তিযোদ্ধা হিসেবে আজও তিনি সরকারি স্বীকৃতি পাননি।

মুক্তিযোদ্ধা পরেশ চন্দ্র সাহা আবেগজড়িত কণ্ঠে জানান, তিনি অন্য কোনো সুযোগ-সুবিধা চান না। শুধু মৃত্যুর আগে রাষ্ট্রীয় স্বীকৃতিটুকু চান এবং মৃত্যুর পরে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হতে চান।