যমুনার চরাঞ্চলে সন্ত্রাসীদের পিটুনিতে একজনের মৃত্যু

শুক্রবার জামালপুরের ইসলামপুরে সন্ত্রাসীদের পিটুনিতে একজনের মৃত্যু হয়েছে। তার নাম জামাত আলী (৪০)। এলাকাবাসী জানায়, উপজেলার সাপধরী ইউনিয়নের যমুনার দ্বীপচরাঞ্চল চর শিশুয়া গ্রামের রইসউদ্দিনের বাড়িতে গত ১০ ফেব্রুয়ারি একদল গরু চোর চুরি করতে আসে। এ সময় চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য প্রতিবেশী তোরাব আলীর ছেলে জিয়াউল ধরা পড়ে। পরে তাকে মারপিট করে ছেড়ে দেয় এলাকাবাসী। এর জের ধরে ওইদিন গরু চোর চক্রের হোতা মোজাহারের নেতৃত্বে একদল সন্ত্রাসী রইস উদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে তার তিন ছেলে জামাতা আলী, জাহিদুল, আহাদ আলী, ছোট ভাই কবজ উদ্দিনের ছেলে ছলিম উদ্দিন এবং ইনতুল্লার ছেলে ফকির আলীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। এদের মধ্যে ময়মনসিংহ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শুক্রবার রাতে জামাতা আলীর মৃত্যু হয়।

ইসলামপুর থানার ওসি আসলাম হোসেন এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান।