তিতাসে নির্বাচন কর্মকর্তার পদ এক বছর ধরে শূন্য!

কুমিল্লার তিতাসের উপজেলা নির্বাচন কর্মকর্তার পদ এক বছর ধরে শূন্য রয়েছে। পদটি শূন্য থাকায় ওই অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এ ছাড়া, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি ও আয়োজনের কাজে বিঘ্ন ঘটার আশঙ্কা করছে স্থানীয় সচেতন মহল।

নির্বাচন কর্মকর্তা এস. এম নাছির উদ্দীন চলে যাওয়ার পর গত বছরের ৭ আগস্ট হোমনার নির্বাহী অফিসার জায়েদুল হোসেন চৌধুরী ভারপ্রাপ্ত দায়িত্ব পান। এরমধ্যে সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় গত বছরের ১৫ নভেম্বর নির্বাচন কমিশন থেকে তিতাস উপজেলা সমাজসেবা অফিসার আল-আমিনকে অতিরিক্ত দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা সমাজসেবা অফিসার আল-আমিন বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে উপজেলা সমাজসেবা অধিদপ্তর থাকায় নির্বাচন কমিশন গত বছরের ১২ নভেম্বর এ দায়িত্ব দেন। সমাজসেবা অধিদপ্তরের মাঠ পর্যায়ে অনেক কাজ। নিজের দপ্তরের কাজ শেষ করে আরেকটি দপ্তরের কাজ করা এখন কঠিন হয়ে পড়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রাশেদা আক্তার বলেন, পদটি শূন্য থাকায় ওই দপ্তরের কাজের সমস্যা হচ্ছে এটা অস্বীকার করা যাবে না। আমি বিষয়টি একাধিকবার জেলা উন্নয়ন সমন্বয় সভায় উত্থাপন করেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। আশা করি, উপজেলা নির্বাচনের আগে আমরা নির্বাচন অফিসার পাব।