বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুনগুন-রনন আয়োজিত ৬ দিনব্যাপী বইমেলার চতুর্থ দিন ছিল শুক্রবার। বইমেলা উদ্বোধনের পর প্রথম দিন থেকেই মেলায় ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো। প্রতিদিন বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বইপ্রেমীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে বইমেলা প্রাঙ্গণ।
বিকেল ৩টার পর পাঠক ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বইমেলা প্রাঙ্গণ। জনপ্রিয় কবি-লেখকদের গল্প-কবিতা-উপন্যাসের প্রতি যেমন আগ্রহ পাঠকের তেমনি অধিক আগ্রহ দেখা যাচ্ছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীসহ মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন ভিত্তিক বইগুলোর প্রতি। এ বছর একুশে বইমেলায় প্রকাশিত বেশ কয়েকটি নতুন বই বেরোবি’র গুনগুন-রনন বইমেলায় পাওয়া যাচ্ছে।
বইমেলায় সবার নজর নতুন বইয়ের দিকে। শুক্রবার মোট পাঁচটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মোড়ক উন্মোচন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ড. শাশ্বত ভট্টাচার্য ও রংপুর বিভাগের বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলীম উদ্দিন। মোড়ক উন্মোচন করা বইগুলো হলো-ইসমত আরা’র ‘অন্তঃসরব’, আতাহার আলী খানের ‘স্বপ্নের দেশ বেদনার ভাষা’, শুদ্ধসত্ব ভট্টাচার্যের ‘পাহাড়ে জঙ্গলে’, নুরুন্নবী শান্তের ‘প্রান্তকথা’ এবং জয়নাল আবেদিনের ‘নিত্যকথা’।
এছাড়া, মেলা প্রাঙ্গণে চলছে প্রতিদিন পুস্তক পর্যালোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবারের দিনটি ছিল গুনগুন-রনন বইমেলায় শিশুদের জন্য বিশেষ একটি দিন। এদিন শিশুদের জন্য আয়োজন করা হয় গল্পবলার প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এছাড়া, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদ ও ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলের শিক্ষার্থীদের উদ্যোগে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।