পোষাপাখি আমদানি বন্ধ হোক

পোষাপাখিশিল্পের সঙ্গে জড়িত কয়েক লাখ মানুষ। যুবসমাজের পোষাপাখি পালনে সম্পৃক্ততা বাড়ছে। পাশাপশি দেশীয় ব্রিডাররা অনেকগুলো প্রজাতির খাঁচার বিদেশি পাখির বাচ্চা উত্পাদনে সফল হয়েছেন। তাঁদের উত্পাদিত পাখি উন্নতমানের। একটা সময় আমদানি নির্ভরতা ছিল। এখন তা নেই বললেই চলে। বিশেষ করে লাভবার্ড, বাজরিগার, গোল্ডিয়ান ফিঞ্চ ইত্যাদি পাখিতে। এসব পাখি বাংলাদেশে এখন সহজলভ্য। তার পরও কিছু আমদানিকারক নিম্নমানের পোষাপাখি এনে বাজার সয়লাব করছে। চোরাইপথেও পোষাপাখি আসছে। যা নানা রোগ-ব্যাধিতে আক্রান্ত। কম দামে এইসব পাখি বিক্রি হচ্ছে। যাঁরা কিনছেন তাঁরা প্রতারিত হচ্ছেন। কিছুদিনের মধ্যে পাখি মারা যাচ্ছে। অন্যদিকে দেশি ব্রিডাররা ক্ষতিগ্রস্ত। আবার অবৈধভাবে পাখি নিয়ে আসার চেষ্টাও চলে। কিছুদিন আগে একটি বড় চালান এয়ারপোর্টে ধরা পড়েছে। যেসব পোষাপাখি বাংলাদেশে পর্যাপ্ত উত্পাদিত হচ্ছে, সেগুলোর আমদানি বন্ধ করা দরকার। না হলে এই শিল্পে ধস নামবে। পোষাপাখিশিল্পকে বাঁচাতে এবং দেশীয় উত্পাদকদের স্বার্থে পোষাপাখি আমদানি বন্ধ করতে হবে। এই বিষয়ে আশু কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। 

মুহাম্মদ শফিকুর রহমান

মিরপুর ১২, ঢাকা