শেখ হাসিনার বিকল্প নেই

যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, বাংলাদেশে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। বাংলাদেশ যে উন্নয়নের অগ্রযাত্রার পথে চলছে, বঙ্গবন্ধু কন্যা ছাড়া সেই ধারাবাহিকতা ব্যাহত হতে পারে। গতকাল শনিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলেকে গত বুধবার দেওয়া এক সাক্ষাত্কারে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এটি প্রধানমন্ত্রী হিসেবে তার শেষ মেয়াদ। তিনি আর প্রধানমন্ত্রী হবেন না।’

যুবলীগ চেয়ারম্যান বলেন ‘বাংলাদেশের অগ্রগতি এবং অগ্রযাত্রার আরেক নাম শেখ হাসিনা। তিনি না থাকলে এ দেশে স্বৈরাচারের পতন হতো না। শেখ হাসিনা ছিলেন সে জন্যই যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব হয়েছে। শেখ হাসিনার জন্যই জাতির পিতার হত্যার বিচারের মধ্যে দিয়ে বাঙালি জাতির কলঙ্ক মোচন হয়েছে।’

ওমর ফারুক চৌধুরী বলেন, আমরা প্রধানমন্ত্রীকে তার সিদ্ধান্ত পুনর্বিবেনার জন্য অনুরোধ করবো। তিনি শুধু বাংলাদেশে নন, সারাবিশ্বেই আজ প্রশংসিত। সারাবিশ্বেই বলা হচ্ছে যে, শেখ হাসিনার কারণেই বাংলাদেশে আজ উন্নয়ন ও অগ্রগতির মহাসড়কে প্রবেশ করেছে। তার নেতৃত্বেই এ দেশ বিশ্বের উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। কাজেই তাকে ছাড়া বাংলাদেশের উন্নয়নের গতিধারা অব্যাহত থাকবে, এটা আমরা ভাবতেও পারি না।’ তিনি বলেন, শেখ হাসিনা না থাকলে ১২ লাখ রোহিঙ্গা মানবিক বিপর্যয়ে থাকতো।