দ্বিতীয় ম্যাচে যেন প্রথম ম্যাচেরই পুনরাবৃত্তি ঘটল নিউজিল্যান্ডে। প্রথম ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ করেছিল ২৩২, এবার গত ম্যাচে গতকাল করল ২২৬ রান। দুবারই নির্ধারিত ৫০ ওভারের অনেক আগেই আট উইকেটের বিশাল জয় পেল নিউজিল্যান্ড। দুই ম্যাচেই সেঞ্চুরি করে টানা দ্বিতীয় বারের মতো ম্যাচ সেরা হলেন মার্টিন গাপটিল।
এখানেই শেষ নয়। বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের ধরনগুলোও একই। আবারও ব্যর্থ দুই ওপেনার। মিডল অর্ডারে মোহাম্মদ মিথুন আবারও একটা হাফসেঞ্চুরি পেলেন। গত ম্যাচে মোহাম্মদ সাইফউদ্দিন একটা চল্লিশোর্ধ্ব ইনিংস খেলেছিলেন। এবার ৪৩ রান করলেন সাব্বির রহমান। সৌম্য সরকার ২২ ও মুশফিকুর রহিম ২৪ রান করে ভালো সূচনা করেছিলেন, কিন্তু কেউই ইনিংসটা ধরে রাখতে পারেননি।
ফলাফল, বাংলাদেশের আরেকটি অসহায় আত্মসমর্পণের দেখা মিলল ক্রাইস্টচার্চের হেগলি ওভালে। এমন একটি ম্যাচের পর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও কোনো ইতিবাচকতা খুঁজে পাচ্ছেন না।
তিনি ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে বলেন, ‘মিথুন রান করছে। এটা ইতিবাচক ব্যাপার। তবে, টপঅর্ডার থেকে আরও বেশি রান আসা দরকার। মুস্তাফিজ ভালো বোলিং করেছে। তবে, খুব বেশি ইতিবাচকতা এ ম্যাচ থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।’
মাশরাফি মনে করছেন, ভালো কিছু জুটি গড়তে পারলেই ম্যাচের চিত্রটা ভিন্ন হতে পারত। তিনি বলেন, ‘এটা কঠিন একটা দিন ছিল। সকালের আবহাওয়াটা বোলিং করার জন্য খুব ভালো ছিল। শুরুর দিকে উইকেট হারালেও মুশফিক উইকেটে সেট হয়ে গিয়েছিল। কিছু জুটি গড়লেই ম্যাচটা অন্যরকম হতে পারত।’
রানটাকে ২৭০-২৮০ তে নিয়ে যাওয়া সম্ভব ছিল বলে মনে করছেন মাশরাফি। বললেন, ‘আমাদের একটা দল হয়ে খেলাটা জরুরি। দুই ম্যাচেই আমরা ২২০-২৩০ করে অলআউট হয়েছি। অথচ, দু’বারই আমাদের ২৭০-২৮০ করার সুযোগ ছিল। ৩০-৩২ নয় বরং আমাদের ৬০-৭০ রানের বড় জুটি দরকার। আমাদের হাতে আরও একটা ম্যাচ আছে। আশা করি আমরা নিজেদের সেরাটা দিতে পারব।’
নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ঠিক মাশরাফির উল্টোটা বললেন। তিনি দলের পারফরম্যান্সে উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘এটা আমাদের পারফরম্যান্সের দারুণ একটি প্রদর্শনী ছিল। দলের সবাই এগিয়ে এসে নিজেদের কাজটা ঠিকঠাক মতো করতে পেরেছে। বৃষ্টির কারণে উইকেটে যা একটু পরিবর্তন এসেছিল, তার সুযোগটা নেওয়ার চেষ্টা ছিল আমাদের। এর জন্য শুরুর দিকেই কয়েকটা উইকেট তুলে নেওয়া দরকার ছিল। ভারতের বিপক্ষে সিরিজে আমরা যে ভুলগুলো করেছি, সেগুলো শুধরে নিতে পারাটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আমাদের।’
দলের জয়ে অবদান রাখতে পেরে আনন্দিত টানা দ্বিতীয় সেঞ্চুরি পাওয়া মার্টিন গাপটিল। তিনি বলেন, ‘আগের ম্যাচের চেয়ে এই ম্যাচে আমি বেশি ছন্দে ছিলাম। আর নেপিয়ারের উইকেটে ব্যাট করা এর চেয়ে অনেক সহজ ছিল। নিজেকে ফিরে পেয়ে দারুণ লাগছে। পরিসংখ্যান নিয়ে আমি খুব বেশি ভাবি না। দলের জয়ে ভূমিকা রাখতে পারাটাই আমার কাছে মুখ্য ব্যাপার।’
অধিনায়ক কেন উইলিয়ামসনও প্রশংসা করলেন গাপটিলের। তিনি বলেন, ‘মার্টিন গাপটিল প্রথম ম্যাচে অসাধারণ ছিল। সেই ফর্মটাই ও এই ম্যাচেও ধরে রেখেছে। বাকিরা শুধু ওকে সঙ্গ দিয়ে জুটি গড়ার কাজটা করেছে। আমরা ওকে স্বাধীনতা দিতে চেয়েছিলাম। বোঝা গেল বিষয়টা ও উপভোগ করছে।’