প্রথম বিভাগ হকি লিগ

দিলকুশা অপরাজিত চ্যাম্পিয়ন

দ্বিতীয় বিভাগ হকি লিগে চ্যাম্পিয়ন হয়ে প্রথম বিভাগ হকি লিগে উঠেছিল এক সময়ের নামকরা দল দিলকুশা স্পোর্টিং ক্লাব। প্রথম বিভাগে উঠেই এবার লিগ চ্যাম্পিয়ন হয়ে দিলকুশা প্রিমিয়ার হকি লিগে খেলার টিকিট নিয়ে গেল। দিলকুশা ৪-৩ গোলে হকি ঢাকা ইউনাইটেডকে হারিয়েছে। দিলকুশা ড্র করলেই হতো। ঢাকা ইউনাইটেডের বিপক্ষে সেই ঝুঁকিতে যায়নি দিলকুশা। কারণ উত্তরা ক্লাবের নাম পরিবর্তন করে আসা ঢাকা ইউনাইটেড শক্তিশালী রূপেই প্রথম বিভাগে নেমেছে। ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। ঢাকা ইউনাটেডের সর্বনাশ হয়েছে শান্তিনগর ক্লাব এবং ব্যাচেলার্সের বিপক্ষে ড্র। ওই দুটি একটা ড্র ঢাকা ইউনাইটেডকে ছিটকে দিয়েছে। সেই আফসোস নিয়ে কাল হকি মাঠে নেমে সুবিধা করতে পারল না।

দিলকুশা ক্লাবের বিপক্ষে শিরোপা নির্ধারণী লড়াইটা জমিয়ে দিয়েছিল। হূদয় শেখ এবং পাবন মালিকের গোলে (২-০) এগিয়ে যায় দিলকুশা। ইউনাইটেডের পিয়াল গোল করেন ১-২। আবার দিলকুশার মিলন হোসেন গোল করেন ৩-১। ইউনাইটেডের ইমরান আহমেদ সোহেল ব্যবধান কমান ২-৩। জাতীয় দলের সাবেক তারকা জাহিদুল ইসলাম রাজনের গোলে আবার এগিয়ে যায় দিলকুশা ৪-২। শেষ মুহূর্তে সাজ্জাদ হোসেন সিফাতের গোল (৩-৪) আরেক দফা ব্যবধান কমালেও হার এড়ানো যায়নি। এসেই চ্যাম্পিয়ন হওয়ার দরজা খুলতে পারল না ইউনাইটেড। ম্যাচ হারাতো দূরের কথা একটি ড্রও করেনি।

দিলকুশা ১০ খেলায় ৩০ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লিগে উঠে। বর্ণক সমাজ ৯১ গোল হজম করেছে। ১০ খেলার মধ্যে সবকয়টি হেরেছে। সিঙ্গেল লিগে ১১ দল লড়াই করেছে। এবার বিকেএসপির কোনো খেলোয়াড়কে খেলতে দেখা যায়নি। যে কারণে লিগে খেলোয়াড় সংকট ছিল। যারা হকি খেলতে পারেন না এমন খেলোয়াড়কেও হকিস্টিক তুলে দিতে হয়েছে। আনতে হয়েছিল ভারতীয় খেলোয়াড়। ফেডারেশন হকি লিগটা শেষ করল কোনো রকমে। কারণ ফেডারেশন কর্মকর্তারা নির্বাচন নিয়ে ব্যস্ত। কে কোথা থেকে কাউন্সিলর হবেন তা নিয়ে দৌড়ঝাঁপ। জাতীয় হকি দলেরও কোনো ক্যাম্প নেই। খেলা শেষ তাই এখন পুরোদমে নির্বাচনে ফেডারেশন। মোহামেডান হতে কাউন্সিলর হয়েছেন মোমিনুল হক সাঈদ। আবাহনীর কাউন্সিলর হয়েছেন জাকি আহমেদ রিপন। আবাহনী গ্রুপের সমর্থিত সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুস সাদেক। শোনা যাচ্ছে তিনি জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় কাউন্সিলর হবেন।