শিরোপাধারী বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগায় অগসবার্গের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছে। বাজে শুরুর কারণে এবারের মৌসুমে বুন্দেসলিগায় আধিপত্য হারিয়েছে বায়ার্ন। মৌসুমের শেষ অর্ধে এসে বরুসিয়া ডর্টমুন্ড থেকে পাঁচ পয়েন্টে পিছিয়ে তারা। প্রতিপক্ষের মাঠে ম্যাচটি হারলে শিরোপা স্বপ্ন বিবর্ণই হয়ে যেত তাদের। এমন ম্যাচে দুই দুইবার পিছিয়ে পড়ে জয় নিয়ে ফিরেছে ব্যাভারিয়ানরা। ফলে এক ম্যাচ বেশি খেলে বরুসিয়ার সঙ্গে পয়েন্ট ব্যবধান দুইয়ে নামিয়ে আনলো তারা। জোড়া গোল করে কিংসলে কোম্যান দলের ত্রাতা রূপে আবির্ভূত হলেও ম্যাচের শেষ দিকে তার ইনজুরি নিয়ে মাঠ ছাড়া দলকে দুশ্চিন্তায়ই ফেলে দিয়েছিল দলটিকে। তবে গতকাল ক্লাবটির মেডিক্যাল দল এই উইঙ্গারের লিভারপুলের বিপক্ষে খেলায় সবুজ সংকেত দিয়েছে। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে জার্মান চ্যাম্পিয়নরা।