র্যাংকিং এগোলো নিউজিল্যান্ড

টানা দুই ম্যাচে বড় জয়- নিজেদের মাটিতে নিউজিল্যান্ডের এমন দারুণ পারফরম্যান্সের প্রভাব এবার পড়লো র্যাংকিংয়েও। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেওয়া কেন উইলিয়ামসনের দল উঠে এসেছে ওয়ানডে র্যাংকিংয়ের তিনে।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে ১১১ রেটিং পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ের চতুর্থ স্থানে ছিল। টানা দুই জয়ে রেটিং পয়েন্ট এক বেড়েছে। ফলে, ১১২ রেটিং পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে টপকে তৃতীয় স্থানে চলে এসেছ ব্ল্যাক ক্যাপরা।

অন্যদিকে, সিরিজ শুরুর আগে ৯৩ রেটিং নিয়ে সপ্তম স্থানে ছিল বাংলাদেশ। সিরিজ হেরে যাওয়ায় দুই রেটিং পয়েন্ট হারিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। রেটিং পয়েন্ট কমে ৯১-এ আসলেও তাতে র্যাংকিংয়ের কোনো হেরফের হয়নি দলটির।

যদিও, এই র্যাংকিং ধরে রাখতে হলে সিরিজের শেষ ম্যাচটা জয়ের কোনো বিকল্প নেই নিউজিল্যান্ডের সামনে। বাংলাদেশকে শেষ ম্যাচে হারাতে পারলে রেটিং পয়েন্ট বাড়বে না, তবে হারলে কমে যাবে। অন্যদিকে, বাংলাদেশ হোয়াইটওয়াশ হলে রেটিং পয়েন্ট আরো এক কমে ৯০-এ নেমে আসবে দলটির। তবে, র্যাংকিং আগের মতো সাতই থাকবে।

না বললেই নয় যে, সিরিজের শেষ ম্যাচে যদি বাংলাদেশ জিততে পারে তাহলে রেটিং পয়েন্ট দুই বেড়ে ৯৩ হবে বাংলাদেশের। ফলে, সিরিজ শুরুর অবস্থানে পৌঁছে যাবে তারা। আর হেরে গেলে নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট কমে আবারো ১১১ হবে নিউজিল্যান্ডের। তখন তারা সিরিজ শুরুর মত ফের চারে নেমে আসবে দলটি।

র্যাংকিংয়ে সবার ওপরে এখন আছে ইংল্যান্ড। রেটিং পয়েন্ট ১২৬।  বিরাট কোহলির দলের সাথে চার পয়েন্টের ব্যবধান নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভারত।