লক্ষ্মীপুরে ঘর পেল শতাধিক পরিবার

 ‘জমি আছে, ঘর নেই’— প্রকল্পের আওতায় লক্ষ্মীপুর সদর উপজেলায় ঘর পাচ্ছেন ৫৭৩টি পরিবার। সদর উপজেলার চর রুহিতা, উত্তর হামছাদী, দক্ষিণ হামছাদী, টুমচর, শাকচর, উত্তর জয়পুর ও হাজিরপাড়াসহ ৭টি ইউনিয়নে ৫৭৩টি পরিবার একটি করে ঘর পাচ্ছেন। ৭টি ইউনিয়নে একযোগে তৈরি হচ্ছে নতুন ঘর। প্রতিটি ইউনিয়নে একই সময়ে চলছে ঘর নির্মাণের কাজ। ইতোমধ্যে শতাধিক সুবিধাভোগীকে তাদের জন্য নির্মিত ঘর বুঝিয়ে দেয়া হয়েছে। আর সরকারিভাবে বিনামূল্যে এই সব ঘর পেয়ে উত্সবের আমেজ বিরাজ করছে দরিদ্র পরিবারগুলোতে।

সরেজমিনে গিয়ে জানা যায়, প্রায় শতাধিক সুবিধাভোগীকে তাদের জন্য নির্মিত ঘর বুঝিয়ে দেয়া হয়েছে। ঘর পেয়ে পরিবারে বইছে উত্সবের আমেজ। প্রতিদিনই কোন না কোন এলাকায় নতুন নতুন ঘর নির্মাণ কাজ সম্পন্ন হচ্ছে। আর সুবিধাভোগীরা ঘর বুঝে নিয়ে বসবাস শুরু করছেন।

সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন পরিদর্শন করে দেখা যায়, ৫৭৩টি ঘর তৈরি করা মানে একটি বিশাল কর্মযজ্ঞ। স্বল্প বাজেটের মধ্যে টেকসই ঘর নির্মাণ করা হচ্ছে। ঘর তৈরিতে উন্নতমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় এসব ঘরের স্থায়িত্ব অনেক বেশি হবে বলে মনে করছেন স্থানীয়রা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ শাজাহান আলী বলেন, সর্বোচ্চ মান বজায় রেখে স্বচ্ছতার সাথে গৃহহীনদের জন্য ঘর নির্মাণ কাজ চলছে। এ প্রকল্পে সীমিত বাজেটের মধ্যে উন্নতমানের দেশের সেরা ঘর নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে প্রায় শতাধিক পরিবারের মাঝে তাদের ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে। আশা করি স্বল্প সময়ের মধ্যে বাকি ঘরগুলো বুঝিয়ে দেওয়া সম্ভব হবে।