মাঝে কয়েকবছর সিনেমার সংখ্যা কম থাকলেও গতবছর আবারো বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে চিত্রনায়িকা মাহিয়া মাহীর। মুক্তি তালিকায় ছিল হাফ ডজন সিনেমা। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে বের হওয়ার পর গতবছর ছবির সংখ্যার দিক থেকে এগিয়ে ছিলেন তিনি। এ বছরে চলতি সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে মাহীর বছরের প্রথম সিনেমা। ‘অন্ধকার জগত্’ শিরোনামে এই সিনেমায় ডিএ তায়েবকে মাহীর বিপরীতে দেখা যাবে। রাজধানী ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন প্রেক্ষাগৃহে ২২ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘অন্ধকার জগত্’। বদিউল আলম খোকন পরিচালিত এই সিনেমাটির মুক্তি উপলক্ষে গতকাল বিকেল ৩টায় বিএফডিসিতে চলচ্চিত্রটির প্রিমিয়ার শোর আয়োজন করা হয়।
নিজের ক্যারিয়ার ও নতুন সিনেমা প্রসঙ্গে মাহী বলেন, ‘চেষ্টা করেছি বছরের প্রথম ছবিটি যেন ভালো কিছু হয়। তেমনই একটি সিনেমা এটি। আমাদের ছবির দর্শক এখন বেড়েছে। সবাই হলে গিয়ে ভালো একটি ছবি দেখতে চায়। আশা করি দর্শকরা হতাশ হবেন না। আর ক্যারিয়ার নিয়ে আরো সচেতন হয়ে কাজ করতে চাই। ক্যারিয়ারে নিজের অবস্থান ধরে রাখতে চাই। এবার সংখ্যার দিক থেকে সিনেমার সংখ্যা কম হলেও সমস্যা নেই। তবে এমনকিছু কাজ করতে চাই যেন নিজের আলাদা একটি গ্রহণযোগ্যতা দর্শকদের মধ্যে তৈরি করতে পারি।’