তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান বলেছেন, ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যাকাণ্ডের ব্যাপারে তাদের হাতে আসা সকল তথ্য তুরস্ক এখন পর্যন্ত প্রকাশ করেনি। এ-হাবের টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাত্কারে শুক্রবার এরদোগান বলেন, আঙ্কারা আন্তর্জাতিক আদালতে মামলাটি তুলতে বদ্ধপরিকর। তিনি এ মামলার ব্যাপারে বিবেচনা করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘খাশোগিকে হত্যা করার ব্যাপারে আমাদের হাতে আসা সকল তথ্য আমরা প্রকাশ করিনি।’
রিয়াদ এ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সৌদি আরবের বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তাকে গ্রেফতার করেছে। তবে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান এ হত্যার ঘটনায় কোনোভাবে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।
কয়েক সপ্তাহ ধরে অস্বীকার করার পর সৌদি কর্তৃপক্ষ স্বীকার করে যে, তুর্কি নারী হ্যাটিস সেনগিজকে বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে ওই কনস্যুলেটে প্রবেশের পর গত ২ অক্টোবর খাশোগিকে হত্যা করা হয়। তুরস্ক জানায়, সৌদি আরবের ১৫ সদস্যবিশিষ্ট একটি দল খাশোগিকে হত্যা করে। ওয়াশিংটন পোস্টের কলাম লেখক খাশোগি সালমানের একজন কট্টর সমালোচক ছিলেন।