যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ৫

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের একটি শিল্প পার্ক এলাকায় বন্দুকধারীর হামলায় পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পাঁচ পুলিশ কর্মকর্তা আহত হন। পুলিশের গুলিতে নিহত হন বন্দুকধারী। গতকাল শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে ভালভ উত্পাদনকারী প্রতিষ্ঠান হেনরি প্র্যাট কোম্পানির কারখানায় হামলার এ ঘটনা ঘটে।

৪৫ বছর বয়সী বন্দুকধারীর সঙ্গে গুলি বিনিময়ে পাঁচ পুলিশ সদস্যও আহত হয়েছে। ফ্লোরিডার পার্কল্যান্ডের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে ১৭ শিক্ষার্থী নিহতের ঘটনার বর্ষপূর্তির এক দিন পর এ হামলা হলো। শুক্রবার দুপুরে শিকাগোর ৪০ মাইল দূরের শহর অরোরার হেনরি প্র্যাট কোম্পানিতে বন্দুকধারীর নির্বিচারে গুলিবর্ষণের ঘটনা ঘটে। কোম্পানিটি বড় বড় পানির পাইপে ব্যবহূত ভালভ তৈরি করে। হামলাকারীর নাম গ্যারি মার্টিন, তিনি নিজেও একসময় হেনরি প্র্যাট কারখানার কর্মী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

চাকরি থেকে ছাঁটাই হওয়ার পর এ ব্যক্তি তুমুল ‘মানসিক চাপে’ ছিলেন বলে তার পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানিয়েছে শিকাগোভিত্তিক সান-টাইমস। কী কারণে এ হামলা হতে পারে, প্রাথমিকভাবে সে সম্বন্ধে ধারণা পাওয়া যায়নি। ওইদিন দুপুর ১টা ২৪ মিনিটের দিকে পুলিশ প্রথম যন্ত্রাংশ নির্মাণ কারখানাটিতে বন্দুকধারীর হামলার খবর পায় বলে পরে এক সংবাদ সম্মেলনে জানান অরোরা পুলিশের প্রধান ক্রিস্টেন জিমান। অল্প সময়ের মধ্যে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে, তারাও হামলাকারীর গুলির মুখে পড়েন। গুলি বিনিময়ের এক পর্যায়ে মার্টিন নিহত হন।

পুলিশের পাশাপাশি ওই শিল্প পার্ক এলাকায় দমকল বাহিনীর সদস্য, প্যারামেডিকসহ জরুরি বিভাগের সদস্যদেরও মোতায়েন করা হয়। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহত দুই পুলিশ সদস্যকে কাছাকাছি এলাকার একটি ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।