পুলওয়ামা নিয়ে শাবানা-জাভেদকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ কঙ্গনার

পুলওয়ামায় জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তান সফর বাতিল করেছেন প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমি এবং তার স্বামী জাভেদ আখতার। শাবানার বাবা কাইফি আজমিকে নিয়ে আয়োজিত সাহিত্য সম্মেলনে যোগ দেবেন না বলে তিনি জানিয়ে দিয়েছেন। তবু সমালোচনার হাত থেকে রক্ষা পেলেন না ওই দম্পতি। পাঁচবারের জাতীয় পুরস্কার বিজয়ী ওই অভিনেত্রীকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ করে বসলেন তারই সতীর্থ কঙ্গনা রানাউত! — আনন্দবাজার পত্রিকা

শাবানার বাবা কাইফি আজমি বিখ্যাত উর্দু কবি। এ বছর তার জন্মশতবার্ষিকী উপলক্ষে করাচি আর্ট কাউন্সিলের তরফে দু’দিনব্যাপী সাহিত্য সম্মেলনের আয়োজন হয়েছিল। সেখানে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন শাবানা-জাভেদ। কিন্তু কাইফি আজমির জন্মদিন ১৪ ফেব্রুয়ারিতেই দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সিআরপি-র কনভয়ে হামলা চালায় পাক মদতপুষ্ট জঙ্গিরা। তাতে ৪০ জন জওয়ান প্রাণ হারান। সেই হামলার প্রতিবাদে করাচির অনুষ্ঠানে যাওয়া বাতিল করেন শাবানা।

কিন্তু তার এই সিদ্ধান্তের প্রেক্ষিতে ‘কোন আক্কেলে করাচি যেতে রাজি হয়েছিলেন তিনি’, এই প্রশ্ন তুলেছেন কঙ্গনা রানাউত। সংবাদ মাধ্যমে কঙ্গনা বলেন, ‘‘শাবানার মতো মানুষরাই ভারত ভাগে উত্সাহ দেন। আবার লোক দেখাতে সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করেন। উরি হামলার পর পাকিস্তানি শিল্পীরা এ দেশে নিষিদ্ধ। তার পরেও কোন আক্কেলে করাচি যাওয়ার কথা ভাবলেন উনি?  এখন গা বাচাতে হবে তো! তাই অনুষ্ঠান বাতিল করে নাটক করছেন।’’

শুধু শাবানাকে আক্রমণ করেই ক্ষান্ত হননি কঙ্গনা। শাবানাদের মতো ‘দেশদ্রোহী’তে বলিউড ঠাসা বলেও দাবি করেন কঙ্গনা। তার কথায়,  ‘‘ফিল্ম ইন্ডাস্ট্রি এমন দেশদ্রোহীতে ঠাসা। নানাভাবে এরাই শত্রুপক্ষের মনোবল বাড়ায়। তবে এ বার সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। পাকিস্তানের উপর শুধুমাত্র নিষেধাজ্ঞা বসালে চলবে না, দেশটাকে গুঁড়িয়ে দিতে হবে।’ ’

তবে, এই মুহূর্তে কঙ্গনার মন্তব্যকে ধর্তব্যের মধ্যেই আনতে চান না শাবানা আজমি। প্রতিক্রিয়া জানতে চাইলে একটি সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘‘পুলওয়ামায় হামলার নিন্দায় সরব গোটা দেশ। এই দুঃসময়ে কারও ব্যক্তিগত আক্রমণে আমার কিচ্ছু যায় আসে না।’’

যদিও এই প্রথমবার নয়, শাবানা আজমি ও জাভেদ আখতারকে আগেও কড়া ভাষায় আক্রমণ করেছেন কঙ্গনা। হূতিক রোশনের সঙ্গে তার ব্যক্তিগত ঝামেলার সময়, শাবানা-জাভেদ তার পাশে দাঁড়াননি বলে অভিযোগ কঙ্গনার।