আন্তর্জাতিক শ্যুটিং স্পোর্টস ফেডারেশনের (আইএসএসএফ) সভাপতি ভ্লাদিমির লিসিন ঝটিকা সফর শেষে আজ রবিবার ঢাকা ছাড়ছেন। গতকাল শনিবার সারাদিন ঢাকায় বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে সময় কাটান তিনি। ভ্লাদিমির লিসিনের কাছে বাংলাদেশের অনেক চাওয়া। তবে বাংলাদেশের সবচেয়ে বেশি আগ্রহ আন্তর্জাতিক ভেন্যু হিসাবে নিজেদের অবস্থান আরো উন্নত করা। আন্তর্জাতিক শ্যুটিং আয়োজনেরও সুযোগ চায় বাংলাদেশ। কারণ যত বেশি আন্তর্জাতিক খেলা হবে দেশের শ্যুটিংও উন্নতির পথে হাঁটবে। বাংলাদেশ অবকাঠামোগত সুবিধা চেয়ে শ্যুটিং রেঞ্জ চেয়েছে বলে জানা গেছে। আইএসএসএফ’র সভাপতি ভ্লাদিমির লিসিন সরাসরি কোনো প্রতিশ্রুতি দেননি। তবে তিনি প্রশিক্ষণের জন্য কোচ জাজ দেওয়ার সুযোগ আছে বলে জানিয়ে গেছেন। আগামীতে আরো কি করা যায় তা বিবেচনা করবেন।
আগামী কমনওয়েলথ গেমসে শ্যুটিং ইভেন্ট নাও থাকতে পারে। বাংলাদেশ ও ভারত যদি এই ইভেন্ট রাখার পক্ষে উদ্যোগ নেয় তাহলে আইএসএসএফ সমর্থন দেবে বলে জানিয়েছেন ভ্লাদিমির লিসিন। দুই মাস আগে আইএসএসএফ’র সভাপতি হিসাবে দায়িত্ব নেওয়া রাশিয়ার ধনকুবের ভ্লাদিমির লিসিন ভারতে অনুষ্ঠেয় ওয়ার্ল্ডকাপ শ্যুটিংয়ে যাওয়ার আগে সভাপতি হিসাবে প্রথমেই বাংলাদেশ সফর করলেন।