ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পাশাপাশি তাদেরকে আশ্রয় দেওয়া এলাকার স্থানীয় বাসিন্দাদের সহায়তার জন্য ৬ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা এবং ‘ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মাইগ্রেশনের’ পক্ষ থেকে ৯২ কোটি ডলারের তহবিল সংগ্রহের লক্ষ্যমাত্রা ঘোষণার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের এই অনুদানের সিদ্ধান্ত এলো। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র রবার্ট পালাদিনো বিবৃতিতে বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া ৯ লাখেরও বেশি রোহিঙ্গা ও তাদের আশ্রয় দেওয়া স্থানীয় বাসিন্দাদের জরুরি প্রয়োজন পূরণে এই অর্থ সহায়তা দেওয়া হবে।