সুপ্রিম কোর্ট বার নির্বাচন

প্যানেল ঘোষণা সমন্বয় পরিষদের প্রার্থী চূড়ান্ত করেনি বিএনপি পন্থিরা

ইত্তেফাক রিপোর্ট

মার্চে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন। দুই দিনব্যাপী এই নির্বাচনে ইতোমধ্যে সরকার সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল ঘোষণা করা হয়েছে। এখনো প্যানেল ঘোষণা করেনি বিএনপি পন্থি জাতীয়তাবাদী আইনজীবীরা। শিগগিরই প্যানেল ঘোষণা করা হবে বলে জানা গেছে।

এদিকে সমন্বয় পরিষদের সভাপতি পদে নেতৃত্ব দেবেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বারের সাবেক সম্পাদক অ্যাডভোকেট এএম আমিনউদ্দিন। সম্পাদক পদে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল। এছাড়া দুইটি সহ-সভাপতি পদে আইনজীবী বিভাস চন্দ্র ও মো. জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ পদে সৈয়দ আলম টিপু, দুইটি সহ-সম্পাদক পদে মোহাম্মদ বাকির উদ্দিন ভুঁইয়া ও কাজি শামসুল হাসান শুভকে প্রার্থী করা হয়েছে। এছাড়া সাতটি সদস্য পদের মধ্যে আইনজীবী শামীম সরদার, মশিউর রহমান, আওলাদ হোসেন, হুমায়ুন কবির, আফিয়া আফরোজি রানী ও মোহাম্মদ জগলুল কবিরকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। তবে সদস্য পদে একজন প্রার্থীর নাম এখনো চূড়ান্ত করেনি সমন্বয় পরিষদ।

সভাপতি প্রার্থী এএম আমিনউদ্দিন ইত্তেফাককে বলেন, এটা পেশাজীবীদের সংগঠন। এটিকে রাজনৈতিক মঞ্চ বানাতে চাই না। আগে বারের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। সেই অভিজ্ঞতার আলোকে ভবিষ্যতে বারের সকল সদস্যকে নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এটাকে পরিচালনা করতে চাই।

প্যানেল ঘোষণা বিলম্ব প্রসঙ্গে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব বারের বর্তমান সম্পাদক ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন বলেন, কৌশলগত কারণে দেরীতে প্যানেল ঘোষণা করা হচ্ছে। তবে প্রার্থী চূড়ান্ত করতে জ্যেষ্ঠ আইনজীবীরা কাজ করছেন। দুই-এক দিনের মধ্যে প্যানেল চূড়ান্ত হবে।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ ও ১৪ মার্চ। নির্বাচনে সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) এবং জাতীয়তাবাদী ঐক্য পানেল (নীল) এর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়ে থাকে।