আশুলিয়ায় পোশাক শ্রমিককে গুলি করে হত্যা

সাভার উপজেলার আশুলিয়ায় এক পোশাক শ্রমিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে জামগড়া ভুঁইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পোশাক শ্রমিকের নাম রাসেল খান। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার ছলু খলিফাকান্দি গ্রামের ফজলুর রহমান খানের ছেলে। জামগড়া এলাকায় দেলোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় এনভয় পোশাক কারখানায় অপারেটর হিসেবে কর্মরত ছিলেন তিনি।

এদিকে গতকাল শনিবার সকালে আশুলিয়া কাঠগড়া মন্ডলপাড়া এলাকার বাঁশঝাড় থেকে রাজিয়া খাতুন (২৬) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে ধর্ষণের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান, রাসেলের এক বন্ধুর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল দুই দিন আগে। রাসেল সেই মোবাইল ফোন উদ্ধারের জন্য ছিনতাইকারীদের ধরতে শুক্রবার রাত দেড়টার দিকে তার পাঁচ বন্ধুকে নিয়ে শিমুলতলার জমিদার বাড়ি সংলগ্ন একটি চায়ের দোকানে বসেছিল। এ সময় হঠাত্ করে একদল দুর্বৃত্ত অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রাসেলকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে। এতে রাসেলের পেটে ও বুকে ৪টি গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পাঁচ বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে।

হাসপাতালের চিকিত্সক ডা. অশোক কুমার জানান, গভীর রাতে ৮-১০ জন লোক রাসেল নামে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। এসময় তার শরীরের চারটি স্থানে গুলিবিদ্ধের চিহ্ন পাওয়া যায়।

নিহত রাজিয়া বগুড়া জেলার ধুনট উপজেলার ছালাপাড়া গ্রামের মৃত আহম্মদ আলীর মেয়ে । তিনি মন্ডলপাড়া এলাকার আব্দুর রশিদ মিয়ার বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকতেন।

আশুলিয়া থানার এস আই মিরাজ হোসেন জানান, এ ঘটনায় নিহতের ভাগিনা জিয়াউর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অন্যদিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের (৭০) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।