বরগুনায় সাংবাদিকের হাত-পা গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

বরগুনা (উত্তর) প্রতিনিধি

বরগুনার তালতলীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মোস্তফা কামাল (৩৫) নামের এক সাংবাদিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত-পা গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। কামাল মুমূর্ষু অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালের অর্থপেডিক্স ওয়ার্ডে চিকিত্সাধীন রয়েছেন।

আহত সাংবাদিক ও তার পরিবার সূত্রে জানা যায়, বরিশালের দৈনিক কীর্তনখোলার তালতলী উপজেলা প্রতিনিধি মোস্তফা কামালের লাউপাড়া বাজারে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। শুক্রবার রাতে প্রতিষ্ঠানটি বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে ওঁত্ পেতে থাকা দুর্বৃত্তরা গাছের সঙ্গে রশি বেঁধে কামালের মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তারা হাতুড়িপেটা করে কামালের হাত ও পা গুঁড়িয়ে দেয়। তার সঙ্গে থাকা ১ লাখ ৭০ হাজার টাকা ও মোবাইল ফোন লুটে নিয়ে তাকে রাস্তার পাশে ফেলে রেখে যায় তারা। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত ডাক্তার মাহবুব মোর্শেদ রানা জানিয়েছেন, কামালের ডান পায়ের হাঁটুর অবস্থা আশঙ্কাজনক। তালতলী থানার ওসি পুলক চন্দ্র রায় শনিবার জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।