উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
উখিয়ার কুতুপালং ক্যাম্পের একটি বেলুনের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে শিশুসহ ১৪ জন আহত হয়েছে। গত শনিবার সকাল ৭টার দিকে তুর্কি পাহাড়ের পাদদেশে এ ঘটনাটি ঘটেছে। গুরুতর আহত কুতুপালং ক্যাম্প ৫ ব্লক ই-২ এর বাসিন্দা আজিজুল হক (১০), আমান উল্লাহ (১৪), ইলিয়াছ (১২) ও বেলুন বিক্রেতা ইয়াছিনকে (৩০) প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাদের অবস্থা আশঙ্কাজনক মনে করে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন।
ক্যাম্পের চেয়ারম্যান আব্দুর রহিম জানান, বিভিন্ন জীবজন্তুর আকারে তৈরি করা এসব বেলুন সিলিন্ডার গ্যাস দিয়ে ফুলানোর এক পর্যায়ে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে আবু তাহের (১৫), সিরাজ (২৫), জানি হোসেন (১৫), ফয়েজ উল্লাহ (১১), নুরুল আলম (৩০), জুনায়েদ (৫), আব্দুল খালেক (৪), নুর হাসেম (১৪) ও আব্দুল কাদের (২০) ক্যাম্পের বিভিন্ন ক্লিনিকে চিকিত্সাধীন রয়েছে। কুতুপালং ক্যাম্প ইনচার্জ রেজাউল করিম এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।