বরগুনায় মহাসড়ক ভেঙে পুকুরে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল!

সম্প্রতি বরগুনার সদর উপজেলা গৌরীচন্না বাজার সংলগ্ন বরগুনা-বেতাগী-বাকেরগঞ্জ মহাসড়কের প্রশস্ত করা প্রায় আড়াইশ ফুট রাস্তা পাইলিংয়ের নিচের মাটি সরে যাওয়ায় পুকুর ধসে পড়েছে। ফলে ওই স্থান দিয়ে যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।

জানা গেছে, বরগুনা সদর থেকে বেতাগী উপজেলার গলাচিপা বাজার পর্যন্ত ১১ কি.মি সড়কের নির্মাণ কাজের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে ২০১৭ সালের ১৮ মে কার্যাদেশ দেওয়া হয়। চলতি বছরের ২৮ জুন কাজ শেষ করে রিয়াবল বিল্ডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন জানান, ভাঙা স্থানটির মেরামতের কাজ ইতোমধ্যে শুরু করে দিয়েছি; কিন্তু সোমবার সরেজমিনে গিয়ে দেখা গেছে খুব ধীরগতিতে কাজ চলছে।

সরেজমিনে জানা গেছে, কার্যাদেশে সড়ক পাকাকরণের পাশাপাশি তার দুই পাশে সাত ফুট করে বর্ধিত করা, উচ্চতা ১০ ফুট এবং  ৪০ ফুট দূর থেকে মাটি এনে ভড়াট করার কথা; কিন্তু এর কোনো শর্তই পূরণ করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। একেবারে রাস্তার ধার ঘেঁসে মাটি ভড়াট করা হয়েছে।

এদিকে শর্তপূরণ না করে রাস্তা প্রশ্বস্ত করার বিষয়ে বরগুনা সওজ এর উপ-সহকারী প্রকৌশলী আবদুল হালিম খান বলেন, যেহেতু পুরাতন রাস্তা এজন্য সব শর্ত পূরণ করে তা করা সম্ভব না। কোথাও কোথাও মসজিদ, মন্দির, হাট-বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রক্ষা করে কাজ করতে হয়।