মা-বাবার পাশেই চিরনিদ্রায় আল মাহমুদ

ব্রাহ্মণবাড়িয়ার জেলা শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলা সাহিত্যের পুরোধা কবি আল মাহমুদের তৃতীয় জানাযা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বাদ জোহর নামাজের পর জানাযা অনুষ্ঠিত হয়।

জানাযার নামাজ পরিচালনা করেন মাওলানা আশেক উল্লাহ ভূঁইয়া। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক মানুষ। পরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা প্রিয় কবিকে শেষবারের মত ফুলেল শ্রদ্ধা জানান। জানাযা শেষে দক্ষিণ মৌড়াইলস্থ পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে শায়িত হলেন আল মাহমুদ।

আরো পড়ুন: সানাই মাহবুবকে পুলিশের জিজ্ঞাসাবাদ

এর আগে শনিবার রাত সাড়ে ৮টায় কবি আল মাহমুদের মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মৌড়াইল গ্রামের পৈত্রিক নিবাসে এসে পৌঁছায়। এভাবে প্রাণহীন দেহে কবির বাড়ি ফেরা মেনে নিতে পারছেন না কেউই। তাইতো মরদেহ বাড়ির উঠানে রাখার পরই শুরু হয় কবির স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের আর্তনাদ। সবার চোখেই টলমল করছে জল। বাংলা সাহিত্যের অন্যতম প্রধান এ কবির বিয়োগে হাহাকারে ছেয়ে গেছে চারপাশ। 

ইত্তেফাক/জেডএইচ