বেরোবি সংবাদদাতা
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সাংবাদিক সমিতির (বেরোবিসাস) কার্যনির্বাহী সদস্য ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি রাব্বী হাসান সবুজের ওপর হামলার প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার মানববন্ধন করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবু কালাম মোহাম্মদ ফরিদ উল ইসলামের অপসারণ ও অভিযুক্তদের গ্রেফতারের জন্য ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এইচ.এম নূর আলমের সভাপতিত্বে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন- দৈনিক যুগান্তরের রংপুর ব্যুরো চিফ মাহবুবুর রহমান, রংপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি লিয়াকত আলী বাদল, সাংবাদিক রতন সরকার, আনজারুল ইসলাম জুয়েল, বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের আহ্বায়ক আফরিন, ছাত্রফ্রন্টের সভাপতি যুগেশ ত্রিপুরা, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি ওয়াদুদ সাদমান প্রমুখ।