বিনোদন রিপোর্ট
মায়ের ভাষার কথা বলতে গিয়ে জীবন দেওয়া—কথাটি অলীক হলেও সত্য কেবল বাঙালির বেলায়। ভাষার মাসে ভাষা ও বর্ণমালা নিয়ে এবার গান করলেন জনপ্রিয় কণ্ঠ শিল্পী বাপ্পা মজুমদার। গানটি লিখেছেন সাংবাদিক ও গীতিকার সায়ীদ আবদুল মালিক। প্রাণের বর্ণমালা শিরোনামের এই গানটি ভিডিওসহ মুক্তি পাবে এবারের একুশে ফেব্রুয়ারিতে। গানটি পাওয়া যাবে গায়কের নিজের ইউটিউব চ্যানেলে। এ প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘অসাধারণ একটি গান হয়েছে। নিজের দায়িত্ববোধের জায়গা থেকেই গানটি গাইতে পেরে ভালো লাগছে।’
প্রথমবার একুশ নিয়ে গাওয়া গানের বিশেষত্ব সম্পর্কে তিনি বলেন, ‘অন্য গানের তুলনায় এই গানে ভিন্নতা রয়েছে। গানের কথাগুলো একেবারে অন্যরকম। ওভারঅল কম্পোজিশন খুবই সহজ, কোনো জটিলতা নেই, একেবারে সহজ কথায় লেখা। সহজেই বুঝতে পারা যায় কথাগুলো। গানের সুর করার ক্ষেত্রেও অত্যন্ত সহজ সুর তোলার চেষ্টা করেছি।’ গানটির সফলতা নিয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন।