সানেমের সম্মেলনে বক্তারা
ইত্তেফাক রিপোর্ট
স্বল্পমেয়াদে সংরক্ষণবাদের নীতি গ্রহণ করলেও সেটি দীর্ঘমেয়াদে করা ক্ষতিকর হবে। প্লাস্টিক, ইলেকট্রনিক্স এবং সিরামিকের ক্ষেত্রে বাংলাদেশের সংরক্ষণের নীতি গ্রহণ করা উচিত নয় বলে মনে করেন ড. সেলিম রায়হান। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেম আয়োজিত দুই দিনব্যাপী অর্থনীতিবিদ সম্মেলনের শেষ দিনে গতকাল ‘ট্যারিফ র্যাশনালাইজেশন ফর এক্সপোর্ট ডাইভারসিফিকেশন ইন বাংলাদেশ’ শিরোনামে আয়োজিত সেশনে মূল প্রবন্ধ উপস্থাপনে সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান এ মন্তব্য করেন। এনবিআর সদস্য খন্দকার মুহাম্মাদ আমিনুর রহমান সভাপতিত্ব করেন। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের প্রেসিডেন্ট এবং সিইও ফারুক সোবহান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেলিম রায়হান উল্লেখ করেন, অর্থনীতিতে বিনিয়োগের ক্ষেত্রে বৈচিত্র্য আনা মূল চ্যালেঞ্জ। রপ্তানি বিরোধী মনোভাব দূর করা দরকার। তিনি উদাহরণ দিয়ে বলেন, ভিয়েতনাম রপ্তানি আয়, জিডিপি এবং রপ্তানি ক্ষেত্রে বৈচিত্র্য আনা, সকল কাজ একই সময়ে করতে সক্ষম হয়েছিল। এই বিষয়ে বাংলাদেশেরও নজর রাখা উচিত। ফারুক সোবহান বলেন, সরকারের উচিত শুল্ক শিথিলকরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।
সানেম ইম্প্যাক্ট এসেসমেন্ট সেন্টারের আয়োজনে অর্থনীতিবিদ সিমিন মাহমুদের স্মরণে ‘শ্রমবাজার এবং কর্মসংস্থানের প্রতিবন্ধকতা’ শিরোনামে আয়োজিত অপর একটি সেশনে সভাপতিত্ব করেন বিআইজিডির জেন্ডার স্টাডিজ ক্লাস্টারের প্রধান মাহিন সুলতান। সেশনে ঢাবি অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, বিনা পারিশ্রমিকে কাজ করা নারীদের কর্মসংস্থানের মূল ধারায় নিয়ে আসতে হবে। ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, তার সহধর্মিণী সিমিন মাহমুদের তত্ত্বগত বিশ্লেষণের ক্ষমতা অসাধারণ ছিল। সিমিন মাহমুদ মনে করতেন প্রথাগত অর্থনীতি বিদ্যা মজুরির ক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্যের সমস্যা সমাধান করতে পারবে না। সামাজিক বিজ্ঞানীদের এজন্য ভিন্ন আঙ্গিকে ভাবতে হবে। বাংলাদেশের প্রভাবশালী অর্থনীতিবিদদের সম্মাননা জানাতে সানেম একটি বিশেষ সেশন আয়োজন করে। সেশনটিতে সম্মাননা জানানো হয় বিআইডিএসের সাবেক সিনিয়র রিসার্চ ফেলো ড. প্রতিমা পাল মজুমদার এবং বিআইডিএসের সাবেক রিসার্চ ডিরেক্টর ড. আসাদুজ্জামানকে। এই সেশনে সভাপতিত্ব করেন সানেমের চেয়ারম্যান বজলুল হক খন্দকার। গতকাল দুই দিনব্যাপী অর্থনীতিবিদদের এ মিলনমেলা সমাপ্ত হয়।