রাজশাহীতে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই নিহত

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী মহানগরীর কাটাখালি থানার বেলঘরিয়া এলাকায় ছোট ভাই টেন্টুর হাসুয়ার কোপে বড় ভাই তোয়াজ্জেম হোসেন নান্টু (৩৫) নিহত হয়েছেন। নিহত তোয়াজ্জেম হোসেন নান্টু বেলঘরিয়ার তোতার ছেলে। গত শুক্রবার সন্ধ্যার পর বেলঘরিয়া গ্রামের কাকালকাঠী এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

কাটাখালি থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, গতকাল সন্ধ্যার পর পারিবারিক বিষয় নিয়ে দুই ভাই নান্টু ও টেন্টুর মধ্যে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে নান্টু তার ছোট ভাই টেন্টুকে হাসুয়া দিয়ে আঘাত করার চেষ্টা করে। এ সময় টেন্টু তার বড় ভাই নান্টুর হাত থেকে ওই হাসুয়া কেড়ে নিয়েই গলায় কোপ দেয়। এতে সে মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এলাকাবাসী ঘাতক টেন্টুকে আটক করে পুলিশে দিয়েছে। গত শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।