মাহমুদউল্লাহ ও বোল্টের জরিমানা

আচরণ বিধি ভঙ্গের দায়ে বাংলাদেশের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ ও নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত শনিবার ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে খেলার সময় আচরণ বিধি ভঙ্গের দায়ে তাদের জরিমানা করা হয়। ক্রাইস্টচার্চে আউট হওয়ার পর মাঠ ছাড়ার সময় বিরক্তি ভরে সীমানার পাশে ব্যাট ছুঁড়েছিলেন মাহমুদউল্লাহ। সে জন্য তাকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়। আর বোলিংয়ের সময় অশালীন ভাষা ব্যবহারের কারণে বোল্টের ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। দুজনকেই একটি করে ডিমেরিট পয়েন্টও দেয়া হয়েছে। আইসিসির আচরণ বিধি অনুযায়ী এগুলো প্রথম পর্যায়ের অপরাধ। এ ধরনের অপরাধে সর্বোচ্চ ৫০ শতাংশ ম্যাচ ফি কেটে নেয়ার সঙ্গে দুই ডিমেরিট পয়েন্ট দেয়ার সুযোগ রয়েছে। যদিও মাহমুদউল্লাহ- বোল্ট তাদের দোষ স্বীকার করে নিয়েছেন। এর আগে কখনোই ডিমেরিট পাওয়ার মতো অপরাধ না করায় দুজনের শাস্তিটা কম করে দেয়া হয়েছে।