রক্ষণাত্মক ফুটবলে গোলের দেখা মিলল না

শেখ রাসেল ০ :০ শেখ জামাল

স্পোর্টস রিপোর্টার

শেখ রাসেল এবং শেখ জামালের টপকে যাওয়ার লড়াইয়ে কেউ জিতেনি। গোলশূন্য ড্র করেছে তারা।

প্রথমার্ধে শেখ রাসেল দ্বিতীয়ার্ধে শেখ জামাল রক্ষণাত্মক খেলল। গোল হজমের দুশ্চিন্তা থেকে গোলের দেখাই পেল না দল দুটি। এ জন্য দায়ী স্ট্রাইকাররা। তারা সুযোগ কাজে লাগাতে পারেনি। শেখ জামালের আর্জেন্টাইন ফুটবলার লুসিয়ানো এমানুয়েল সহজ সুযোগ নষ্ট করেন। শেখ রাসেলের গোলকিপার আশরাফুল ইসলাম রানা বল ধরতে পারেনি। লুসিয়ানো বলটা গড়িয়ে দিয়েছিলেন ফাঁকা পোষ্টে। জালে ঢুকবে মনে করে লুসিয়ানো দাঁড়িয়ে অপেক্ষা করলেন। কিন্তু বল গড়িয়ে গেল বাইরে।

গোলকিপার রানা কাল ভালো খেলেছেন। শেখ রাসেলের এই গোলরক্ষক প্রথমার্ধে শেখ জামালের আক্রমণ রুখে দিতে বেশ সতর্ক ছিলেন। দ্বিতীয়ার্ধে শেখ রাসেলের আক্রমণে তেজ বাড়ে। চট্টগ্রামের মাঠে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জয় এনে দেওয়া খালেকুজ্জামান কাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেও দারুণ এক শট নিয়েছিলেন। সেটি অল্পের জন্য ক্রসপিসের উপর দিয়ে বাইরে না গেলে কালও ম্যাচের হিরো হয়ে উঠতে পারতেন।

শেখ জামালের গাম্বিয়ান ফুটবলার সাইনে বোজান অসাধারণ শট করেছিলেন শেখ রাসেলের পোষ্টে। গোলকিপার রানা সতর্ক ছিলেন বলে রক্ষা। তারপরও খুশি শেখ জামাল কোচ যোসেফ আফুসি। এই নাইজেরিয়ান তার খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বললেন,‘আমি অভিনন্দন জানাই আমার ফুটবলারদের, কারণ তারা ম্যাচটা হারেনি। কতটা গোল মিস হলো সেটা দেখছি না। আমি দেখছি পুরো ম্যাচে কেমন খেললাম।’

শেখ রাসেলের কোচ সাইফুল বারী টিটুর কথা তার দল গোল মিস করেছে। তার বক্তব্য,‘সুযোগের সঠিক ব্যবহার করতে না পারলে কি করব।’