সালার শেষকৃত্য সম্পন্ন

বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো সালার শেষকৃত্য গতকাল আর্জেন্টিনায় অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে তার নতুন দল কার্ডিফ সিটির কোচ নিল ওয়ার্নক ও ক্লাবের প্রধান নির্বাহী কেন চুও উপস্থিত ছিলেন। সান্তা ফে প্রদেশের কুলুলু অঞ্চলে তার শেষকৃত্যের আগে শনিবার তার স্মরণে একটি বিশেষ সভার আয়োজন করা হয়। ২৮ বছর বয়সী এই আর্জেন্টাইন এবং তার পাইলট ডেভিড ইবটসনকে বহন করা পাইপার মালিবু বিমানটি গত ২১ জানুয়ারি ইংলিশ চ্যানেলের কাছে নিখোঁজ হয়। কয়েকদফা সন্ধান কার্যের পর গেল সপ্তাহে তার মরদেহ খুঁজে পায় উদ্ধারকারী দল। তবে সালার মরদেহ মিললেও এখনো তার পাইলট ইবটসনের খোঁজ পায়নি উদ্ধারকারী দল।