স্পোর্টস রিপোর্টার
চট্টগ্রামে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় চারদিনের ম্যাচের শেষ দিনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ চতুর্থ ও শেষ দিনে ম্যাচ জিততে আরও ২৯৯ রান করতে হবে বাংলাদেশের যুবাদের। হাতে আছে নয় উইকেট। আর হার এড়াতে হলে ব্যাট হাতে কাটিয়ে দিতে হবে গোটা দিন। সেটিও অনেক বড় চ্যালেঞ্জ বৈকি।
গতকাল ম্যাচের তৃতীয় দিনে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়েছিল ২২৮ রানে। পরে আট উইকেটে ২২৩ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ৩৩৩ রান। শেষ বিকেলে ৭.৩ ওভার ব্যাট করে এক উইকেটে ৩৪ রান তুলেছে স্বাগতিকরা। তানজিদ হাসান ২৮ রানে ব্যাট করছেন। অমিত হাসান (৬) আউট হলে দিনের খেলা শেষ হয়।
গতকাল শেষ চার উইকেটে প্রথম ইনিংসে ৩৪ রান যোগ করে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের পক্ষে সেঞ্চুরি করেন স্মিথ। তিনি ১০৪ রান করেন। এছাড়া কক্স ৩০, হিল ২০ রান করেন। বাংলাদেশের মিনহাজুর চারটি, মুজাক্কির-আসাদউল্লাহ গালিব দুটি করে উইকেট নেন। উল্লেখ্য, সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ যুব দল।