ফেরেস হত্যার দ্রুত বিচার ও মাদকমুক্ত ইউনিয়নের দাবিতে মানববন্ধন

পীরগাছা (রংপুর) সংবাদদাতা

রংপুরের পীরগাছায় চাঞ্চল্যকর ফিরোজ মিয়া ফেরেস হত্যার দ্রুত বিচার ও মাদকমুক্ত কান্দি ইউনিয়নের দাবিতে রবিবার মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী। প্রায় ৫ হাজার স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ মানববন্ধনে অংশ নেন। এসময় পীরগাছা থানার ওসি রেজাউল করিম জনগণের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম খান, কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাইফুল ইসলাম খান ইকবাল, পীরগাছা প্রেসক্লাবের সভাপতি এম খোরশেদ আলম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে ফেরেস হত্যা মামলাটি দ্রুত বিচার আইনের আওতায় এনে অভিযুক্তদের ফাঁসির দাবি জানান। সেই সাথে কান্দি ইউনিয়নকে দ্রুত মাদকমুক্ত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

উপজেলার কান্দি ইউনিয়নের কাবিলা পাড়া গ্রামের আমির উদ্দিনের ছেলে ফিরোজ মিয়া ফেরেস গত ৭ ফেব্রুয়ারি নিখোঁজ হন। এর ৫ দিন পর গত সোমবার সকালে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে তার লাশ মাটি খুঁড়ে বের করে কয়েকটি কুকুর। এ ঘটনায় পীরগাছা থানা পুলিশ নিহত ফেরেসের ৪ বন্ধুকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা ইতোমধ্যে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।