ফুলবাড়ীয়ায় যুবলীগ নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদ

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা

ফুলবাড়ীয়া পৌর যুবলীগের সভাপতি আব্দুল মালেকের নামে মিথ্যা চাঁদাবাজি মামলার প্রতিবাদে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে উপজেলা যুবলীগ। মানববন্ধনে ফুলবাড়ীয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল কদ্দুছ, যুগ্ম আহ্বায়ক রাসেল, উপজেলা শ্রমিক লীগের উজ্জল, বিভিন্ন ইউনিয়ন যুবলীগ নেতৃবৃন্দসহ এলাকাবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করে মানববন্ধনকারীরা।

যুবলীগের আহ্বায়ক আব্দুল কদ্দুছ বলেন, ফুলবাড়ীয়া পৌর যুবলীগের সভাপতি আব্দুল মালেকসহ ৪ জনের নামে ঠিকাদার জয়নাল আবেদীন বাদল মিথ্যা চাঁদাবাজির মামলা করে হয়রানি করছে। চাঁদাবাজির মামলা তদন্ত না করেই পুলিশ মামলা রুজু করেছে। অভিযোগ করে যুবলীগের আহ্বায়ক বলেন, চাঁদাবাজির অভিযোগ থানায় দেওয়ার পরই পুলিশ মামলা তদন্ত না করেই এফআইআর করে পৌর যুবলীগ সভাপতি আব্দুল মালেককে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি থানায় ঠিকাদার জয়নাল আবেদীন বাদল তাকে মারপিট, কাজে বাধা ও চাঁদাবাজির ঘটনায় মালেকসহ ৪ জনকে আসামি করে থানায় একটি চাঁদাবাজির মামলা করে। সেদিন রাতেই উপজেলা সদরের চেম্বার থেকে মালেককে পুলিশ গ্রেফতার করে।