‘প্রতিবন্ধীরা এখন আর সমাজে বোঝা নয় বরং সম্পদ’

চাঁদপুর প্রতিনিধি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয় বরং সম্পদ। প্রতিবন্ধীরাও যে সমাজের আর দশজন সুস্থ ব্যক্তির মতো প্রতিটি ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রাখতে পারে তার বহু প্রমাণ রয়েছে। সরকার প্রতিবন্ধী শিশুদের সমাজের মূল স্রোতধারার সঙ্গে আনার লক্ষ্যে নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। শুক্রবার চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের জন্য ‘স্বপ্ন স্কুল’ নামে একটি বিশেষায়িত স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে মন্ত্রী এসব কথা বলেন।

জেলা প্রশাসক মাজেদুর রহমান খানের সভাপতিত্বে এ সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি, পৌর মেয়র নাছিরউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালসহ আরো অনেকে।