নেত্রকোনায় বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী হিসেবে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খানের জয় সুনিশ্চিত। কারণ তার বিপরীতে বিদ্রোহী প্রার্থী হিসেবে সাবেক ভাইস চেয়ারম্যান আতাউর রহমান মানিক তার দাখিল করা মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন এবং দলীয় নেতৃবৃন্দকেও অবহিত করেছেন। গত শুক্রবার গভীর রাতে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান এমপির মোক্তারপাড়াস্ত বাসভবনে দলীয় নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় আতাউর রহমানকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য অনুরোধ জানালে তিনি মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। তার এই সিদ্ধান্তকে দলীয় নেতাকর্মীরা সাধুবাদ জানান। সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগ দলীয় উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক তফসির উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার উদ্দিন আহমেদ, দপ্তর সম্পাদক মাজাহারুল ইসলাম, জেলা শ্রম সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা এবং স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান খান অভ্র। আতাউর রহমান খান তার মনোনয়নপত্র প্রত্যাহার করায় নেত্রকোনা সদরে চেয়ারম্যান পদে আর কোনো প্রার্থী না থাকায় অধ্যাপক তফসির উদ্দিন খান দ্বিতীয়বারের মতো নেত্রকোনা সদরের উপজেলা পরিষদ চেয়ারম্যান হচ্ছেন। আতাউর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আশরাফ আলী খান  খসরু এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং স্বাগত জানান।

 এদিকে আতাউর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজনকে নৌকা প্রতীক দিয়েছেন, তাই দলীয় সিদ্ধান্তকে মেনে নিয়েই তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।