সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের বেতন ও সেশনসহ অন্যান্য ফি কমানোর দাবিতে রবিবার বিক্ষোভ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছেন অভিভাবকরা। এর আগে শনিবার প্রতিষ্ঠানের অধ্যক্ষের কাছে আবেদন দেওয়ার সময় অভিভাবকদের স্কুল চত্বর থেকে তাড়িয়ে দেওয়ার প্রতিবাদে ক্যাম্পাসে ঘণ্টাব্যাপী অবস্থান করেন। পরে তারা ওই লিখিত অভিযোগটি ইউএনও এসএম গোলাম কিবরিয়া এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা ইয়াসমীনকে দেন। অভিভাবক আসিয়া আক্তার, খুকুমনি, সজনী খাতুন ও রোকসানা জানান, বেতন ও সেশন ফি কমানো না হলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা ইয়াসমীন বলেন, স্কুল কর্তৃপক্ষ সরকারি পরিপত্র অনুযায়ী কতটুকু বেতন বাড়িয়েছে তা যাচাই করার পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম গোলাম কিবরিয়া বলেন, অভিভাবকরা আমার কাছে তাদের দাবি নিয়ে এসেছিলেন। তাদের কথা শুনেছি। আমি উভয়পক্ষকে নিয়ে বসে সৃষ্ট অচলাবস্থার একটা সুষ্ঠু সমাধান করার চেষ্টা করব।
লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের চেয়ারম্যান লায়ন নজরুল ইসলাম বলেন, অভিভাবকদের অসুবিধা বিবেচনা করে তাদের সঙ্গে বসার অনুরোধ করলেও তারা মানতে রাজি হয়নি। আমরা এখনও আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহা করার চেষ্টা করছি।