বঙ্গবন্ধুর সমাধিতে বিনার
মহাপরিচালকের শ্রদ্ধা
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) নবনিযুক্ত মহাপরিচালক হোসনে আরা বেগম শনিবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।
পরে তিনি ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম, উদ্যান তত্ত্ববিদ ড. মো. রফিকুল ইসলাম, কৃষি তত্ত্ববিদ ড. মো. শহীদুল ইসলাম, বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শেফাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুল রব ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
তিতাস উপজেলা পরিষদের
মাসিক উন্নয়ন সমন্বয় সভা
তিতাস (কুমিল্লা) সংবাদদাতা চট্টগ্রাম বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ আব্দুল মান্নান বলেন, সতর্কতা সততা ও স্বদেশপ্রীতি নিয়ে সরকারের দায়িত্ব পালন করতে হবে। বর্তমান সরকার শতকরা ১২৩ ভাগ বেতন বাড়িয়েছে। আপনাদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা দিয়েছে।
রবিবার তিতাস উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভায় উপস্থিত সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদা আক্তারের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের এমপি ও কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিমা আহমাদ মেরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামিয়া সুলতানা শিলা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ মহসীন ভূঁইয়া প্রমুখ। এর আগে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ আব্দুল মান্নান আকস্মিক উপজেলা কমপ্লেক্সে এসে বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।
ত্রিশালে বিদ্যালয়ের
ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ত্রিশালের রামপুর ইউনিয়নের রামপুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী। শনিবার বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবনের এ ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) বাস্তবায়নে এ ভবন নির্মাণের কাজ করবে স্থানীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে রামপুর ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জে মাটিচাপায় দুই
নির্মাণ শ্রমিক নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জ শহরের ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজে মাটি খননকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অপর ১ শ্রমিক। নিহতরা হলেন বেলাল হোসেন (৬০) কামারখন্দ উপজেলার চরকুড়া গ্রামের মৃত হারুন সেখের ছেলে এবং একই গ্রামের জেলকদ হোসেন (৭০)। এলাকাবাসী জানান, সিরাজগঞ্জ শহরের ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল নতুন ভবন নির্মাণ কাজ চলছে। অন্যদিনের মতো রবিবার সকাল থেকেই মাটি কাটার কাজ করছিল কয়েকজন শ্রমিক। বিকাল চারটার দিকে বেজমেন্টের জন্য খননকৃত স্থানে মাটি ধসে তিন শ্রমিক মাটিচাপা পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত হয় একজন।
বিরামপুরে ট্রেনে কাটা
পড়ে যুবকের মৃত্যু
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
বিরামপুর রেলস্টেশনের অদূরে গতকাল রবিবার ভোরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু ঘটেছে।
বিরামপুর রেলস্টেশন মাস্টার নন্দ দুলাল চক্রবর্তী জানান, রেলস্টেশনের দক্ষিণ প্রান্তে রবিবার ভোরে রাজশাহীগামী ৩২ ডাউন উত্তরা রকেট মেইল ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ঘটেছে। ৩৫/৩৬ বছর বয়সী যুবকের পরণে ফুলহাতা চেক সার্ট ও চেক লুঙ্গি ছিল। পার্বতীপুর জিআরপি থানার উপ-পরিদর্শক মোকলেছার রহমান জানান, তিনি লাশ উদ্ধার করেছেন এবং প্রাথমিক সুরতহালে নিহত যুবক সনাতনধর্মী বলে চিহ্নিত করেছেন। তিনি আরো জানান, লাশটি দিনাজপুর মর্গে পাঠানো হবে এবং পরিচয় নিশ্চিতের জন্য তিন দিন পর্যন্ত হিমঘরে রাখা হবে।
কিশোরগঞ্জ কারাগারে
বিচারাধীন আসামির মৃত্যু
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ কারাগারে আটক বিচারাধীন আসামি কবির আহমদ (৩৫) মারা গেছেন। তার বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কমলপুর গ্রামে।
গতকাল রবিবার ভোরে হঠাত্ বুকে ব্যথা উঠলে তাকে দ্রুত ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আনা হয় এবং ভর্তির কিছুক্ষণ পর তিনি মারা যান।
জেলার মোঃ বাহারুল ইসলাম জানান, সে ভৈরব থানায় দায়েরকৃত মাদক মামলার আসামি এবং গত ২ জানুয়ারি তাকে কিশোরগঞ্জ কারাগারে আনা হয়। লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের পর আত্মীয়-স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হবে বলে তিনি জানান।