ইত্তেফাক রিপোর্ট
সরকারের ‘তথ্য আপা’ প্রকল্পের মাধ্যমে দেশের এক কোটি নারীকে ক্ষমতায়িত করা হবে। প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের মধ্যে ডিজিটাল বাংলাদেশ ও নারীর ক্ষমতায়ন প্রকল্প দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনিবার সকালে আগারগাঁওয়ে স্থানীয় সরকার ইন্সটিটিউটে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়িত তথ্য আপা প্রকল্পের নবনিযুক্ত উপজেলা তথ্যসেবা কর্মকর্তাদের ১৫ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার।
স্থানীয় সরকার ইন্সটিটিউটের পরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব মোঃ গোলাম ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব জাহানারা পারভীন, তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব মীনা পারভীন প্রমুখ। সচিব কামরুন নাহার বলেন, তথ্য আপা প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রীর এ সকল স্বপ্ন বাস্তবায়ন করা হবে। এ প্রকল্প বাস্তবায়নে সকলকে স্বচেষ্ট থাকতে হবে।
মীনা পারভীন বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের তথ্যসেবা প্রদান করা হবে। এ লক্ষ্যে দেশের ৪৯০টি উপজেলায় তথ্যসেবা কেন্দ্র চালু করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন তথ্যসেবা কর্মকর্তা ও দুজন তথ্যসেবা সহকারী নিয়োগ দেওয়া হয়েছে। এ সকল তথ্যসেবা কর্মকর্তারা উপজেলা তথ্যসেবা কেন্দ্রে ও বাড়ি বাড়ি গিয়ে তথ্যসেবা প্রদান করবেন।