আটক দুই
বরিশাল অফিস
নগরীর কাশিপুর এলাকা থেকে নিখোঁজ হওয়ার চারদিনের মাথায় রবিবার দুই স্কুলছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। এ সময় দুই অপহরণকারীকে আটক করা হয়েছে। যারা বিয়ের প্রলোভন দেখিয়ে শিশু বয়সী স্কুলছাত্রীদের অপহরণ করে ঢাকা নিয়ে যায় এবং শারীরিকভাবে নিগৃহীত করে। পাশাপাশি স্কুলছাত্রীদের পরিবারের কাছে কিছু টাকা মুক্তিপণও চায়। আটককৃতরা হলো পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাটের উমিতপুর এলাকার মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ মিরাজ শেখ ও মৃত নান্না হাওলাদারের ছেলে মোঃ রিপন হাওলাদার সুমন। রবিবার নগরীর আমতলা মোড়স্থ বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে (অস্থায়ী) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ কমিশনার মো. মোশারফ হোসেন।
পুলিশ কমিশনার উল্লেখ করেন, গত ১৪ নভেম্বর সকাল ৮টার দিকে বরিশাল নগরীর চহঠা এলাকার ১২ বছরের দুই স্কুলছাত্রী বাসা থেকে কাশিপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের উদ্দেশে বের হয়। কিন্তু স্কুলের সময় শেষ হলেও তারা বাড়িতে না ফিরে আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। পরে এ ঘটনায় এক ছাত্রীর মা এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর পুলিশ ঘটনার তদন্তে নেমে আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে শনিবার রাতে ১টার দিকে খিলগাঁও থানা এলাকার সিপাহীবাগ টেম্পোস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। অভিযানে ভিকটিমদ্বয়কে উদ্ধার করার পাশাপাশি দুই অপহরণকারীকে আটক করা হয়। অপহরণকারীরা দুই স্কুলছাত্রীর পরিবারের কাছে ৫ হাজার টাকা মুক্তিপণও দাবি করে। এ ঘটনার সঙ্গে পাচারসহ অন্য কোনো বিষয় রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে এবং যত দ্রুত সম্ভব মামলার চার্জশিট দিয়ে দুই অপহরণকারীর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানান পুলিশ কমিশনার।