সাড়ে ৩৫ লাখ মামলা বিচারাধীন

তিন মাসে নিষ্পত্তি ২ লাখ ৮৭ হাজার মামলা

ইত্তেফাক রিপোর্ট

দেশের সকল আদালতে বর্তমানে ৩৫ লাখ ৬৯ হাজার ৭৫০টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে নিম্ন আদালতে বিচারাধীন রয়েছে ৩০ লাখ ৩২ হাজার ৬৫৬টি। আর উচ্চ আদালতে রয়েছে ৫ লাখ ১৬ হাজার ৬৫২টি। আপিল বিভাগে রয়েছে ২০ হাজার ৪৪২টি মামলা। সুপ্রিম কোর্ট কর্তৃক প্রকাশিত মামলার বিবরণীতে এ তথ্য উঠে এসেছে। গতকাল রবিবার এ বিবরণী প্রকাশ করে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিবরণী হতে দেখা যায়, গত তিন মাসে (অক্টোবর হতে ডিসেম্বর)   নিষ্পত্তি হয়েছে ২ লাখ ৮৭ হাজার ১৩১টি। এর মধ্যে নিম্ন আদালতের সকল পর্যায়ের আদালতসমূহে নিষ্পত্তি হয়েছে ২ লাখ ৬৮ হাজার ৮৯৭টি। হাইকোর্টে নিষ্পত্তি হয়েছে ১৬ হাজার ৩০৬টি। আপিল বিভাগে নিষ্পত্তি হয়েছে ১ হাজার ৯২৮টি। এর আগের তিন মাসে (জুলাই থেকে সেপ্টেম্বর) পর্যন্ত অধস্তন আদালতে নিষ্পত্তি হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৩২টি মামলা। হাইকোর্টে ৯ হাজার ৬০৩টি এবং আপিল বিভাগে নিষ্পত্তি হয়েছে ২ হাজার ৩০৮টি মামলা। মোট নিষ্পত্তি হয়েছে ২ লাখ ৭৬ হাজার ৮৪৩টি মামলা। ওই সময়ে সকল আদালতে বিচারাধীন মামলা ছিল ৩৫ লাখ ৭ হাজার ৮৯৮টি।